সাবেক এমপির সঙ্গে যোগাযোগ, নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করার চেষ্টা ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাসেম বিন হাসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে শায়েস্তাগঞ্জের পুরান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব লেঞ্জাপাড়া এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম অভিযান চালিয়ে কাসেম বিন হাসিমকে গ্রেপ্তার করেন।

স্থানীয় সূত্রের দাবি, পূর্ব লেঞ্জাপাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করার তৎপরতার পাশাপাশি শায়েস্তাগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহিরের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাসেম বিন হাসিমের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

সর্বশেষ