আওয়ামী লীগ দেশকে ময়লা করে রেখেছে, আমাদের সরকার পরিষ্কার করছে: এমপি হাফিজ ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক :
spot_img

পতিত স্বৈরাচার আওয়ামী লীগ দেশকে ময়লা করে রেখেছে, আমাদের সরকার সেই ময়লা পরিষ্কার করছে’ বলে মন্তব্য করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম।

- Advertisement -

শনিবার (২৮ নভেম্বর) বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট ডিটিএম স্কুল মাঠ ও পাশের খালে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পরিচ্ছন্নতা কর্মসূচিতে খালের আবর্জনা ও কচুরিপানা অপসারণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের মাঠ ও আশপাশের পরিবেশ পরিষ্কার করা হয়। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ অভিযানে অংশ নেন।

কর্মসূচিতে জেলা প্রশাসক ডা. মো. শামীম রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতি শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধ এবং এ রোগে মৃত্যুর ঝুঁকি কমাতে জনসাধারণকে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ কাজে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু শনিবারের কর্মসূচিতে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রত্যেককে প্রতিদিন নিজের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি তিন মাসের হলেও বোরহানউদ্দিনে সারা বছর এ কার্যক্রম চালু রাখার প্রত্যয় জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম পরিচ্ছন্নতার বিষয়ে ব্যক্তিগত অভ্যাসের কথাও তুলে ধরেন। তিনি জানান, নিজের বাসার টেবিলের নিচে জমে থাকা ময়লাও তিনি নিজেই পরিষ্কার করেন।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ময়লা-আবর্জনামুক্ত রাখার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ