মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম:বিজয়ের মাস ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের পাশাপাশি নিষিদ্ধঘোষিত সংগঠনের তথাকথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে চট্টগ্রাম নগরীর শতাধিক স্থানে অবস্থান নেবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার থেকে এসব স্থানে তাদের অবস্থান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি সভায় তিনি এ কথা জানান।
নাজিমুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে ডিসেম্বর মাসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের ইতিহাস যথাযথভাবে স্মরণ করতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। নিষিদ্ধঘোষিত সংগঠনের তথাকথিত লকডাউন কর্মসূচিকে ঘিরে কেউ যাতে সহিংসতা বা নাশকতা ঘটাতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। শান্তিপূর্ণ ও দায়িত্বশীল অবস্থানের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। নগরীর শতাধিক স্থানে অবস্থান নিয়ে নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক থাকবেন।
প্রস্তুতি সভায় নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন ও মনজুরুল আলম মঞ্জুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

