সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দিন ও রাতে উপজেলার মহিপুর থানার লতাচাপলী ও কুয়াকাটা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লতাচাপলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান রিয়াজ (৫০), ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জামাল হাওলাদার (৫৬) এবং একই ওয়ার্ড যুবলীগের সদস্য মো. মজিবর হাওলাদার (৫২)।

মহিপুর থানা পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকার ১ নম্বর ওয়ার্ডে নজরুল ফকিরের বাড়ির সামনে কাঁচা বেড়িবাঁধ সড়কে মশাল মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ওই সময় তারা ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন।

এ ঘটনায় ২১ সেপ্টেম্বর মহিপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪৫ থেকে ৫০ জনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হবে।

সর্বশেষ