কারাগারে থাকা যুবলীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে তুর্যের মৃত্যুর পরও তার প্যারোলে মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান। এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার পর তিনি বিষয়টি জানতে পেরেছেন বলে দাবি করেছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা জানান রাশেদ খান।
পোস্টে তিনি তুর্যের মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেন।
রাশেদ খান লেখেন, শারমিন সুলতানা গ্রেপ্তার হওয়ার পর তার প্রতিবন্ধী সন্তানের বিষয়টি সামনে এলে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির অনেক নেতাকর্মীও তার জামিনে মুক্তির দাবি জানিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির প্রেক্ষাপটে বিষয়টি আর আলোচনায় থাকেনি। তুর্যের মৃত্যুর পর আবারও অনেকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। ব্যক্তিগতভাবেও তিনি এ ঘটনায় ব্যথিত বলে জানান।
শারমিন সুলতানার প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে বিভিন্ন মহলের উদ্বেগের কথা উল্লেখ করে রাশেদ খান বলেন, বিষয়টি জানতে তিনি গাজীপুরের জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন। জেলা প্রশাসক তাকে জানিয়েছেন, শারমিনের প্যারোলে মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন বা ফোনকল করা হয়নি। এমনকি তার স্বামী কিংবা পরিবারের অন্য কেউ মৃত্যুর খবর জানিয়ে প্যারোলে মুক্তির আবেদন করেননি।
রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে মরদেহ কারাফটকে নেওয়ার পরও কারা কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেননি। তিনি আরও দাবি করেন, সিনিয়র জেলারের আইনগতভাবে পরিবারের কোনো সদস্যের মরদেহ দেখানোর ব্যবস্থা করার এখতিয়ার রয়েছে।
পোস্টে তিনি দাবি করেন, শারমিন সুলতানাকে প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা ছিল না। গণমাধ্যমে খবর প্রকাশের পরই বিষয়টি সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নজরে আসে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে এবং তা প্রত্যাখ্যান করা হলে সরকারকে দায়ী করার সুযোগ থাকত বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের মানবাধিকার অবস্থানের কথা উল্লেখ করে রাশেদ খান বলেন, গোপালগঞ্জের মতো জায়গায়ও সরকার দমন-পীড়নের পথ অনুসরণ না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এমন পরিস্থিতিতে সন্তানের মৃত্যুতে একজন মাকে প্যারোলে মুক্তি দেওয়া হবে না, তা হতে পারে না। পরিবারের পক্ষ থেকে সময়মতো জেলা প্রশাসককে জানানো হলে হয়তো এমন হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হতো না বলেও তিনি মন্তব্য করেন।
তবে শারমিন সুলতানার পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন না করার বিষয়ে এখন পর্যন্ত স্বতন্ত্র কোনো বক্তব্য পাওয়া যায়নি।

