পদ্মা সেতুর জাজিরা প্রান্ত রণক্ষেত্র, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে এ তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, প্রায় ২০টি মোটরসাইকেল এবং একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

- Advertisement -

রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরার বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ ও অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় সড়কে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে একের পর এক ককটেল বিস্ফোরণের মুখে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে সরে যান।

এরপর এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় সেখানে থাকা বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও পাশের একটি খাবার হোটেলেও অগ্নিসংযোগ করা হয়।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে বিপুলসংখ্যক মানুষকে দেশীয় অস্ত্র হাতে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। পাশাপাশি ধারাবাহিক ককটেল বিস্ফোরণে আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়তে দেখা গেছে।

তবে এ ঘটনায় পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও টোল প্লাজায় হামলা বা ভাঙচুর না করার নির্দেশ দেওয়ার দৃশ্যও ভিডিওতে দেখা গেছে।

অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে পড়লে দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুর যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে এমন তথ্য পাওয়ার পর পুলিশ সারারাত দায়িত্ব পালন করেছে। পর্যাপ্ত পুলিশ সদস্যও মোতায়েন ছিল। তবে ভোরের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়।

তিনি আরও বলেন, কোনো প্রাণহানি ছাড়াই পুলিশ তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল।

সর্বশেষ