তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত, এক দিনে কমল তাপমাত্রা ২ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় ক্রমেই বাড়ছে ঠান্ডার অনুভূতি। এক দিনের ব্যবধানে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে রোববার (৩০ নভেম্বর) সকালে চলতি মৌসুমের সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

- Advertisement -

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শনিবার (২৯ নভেম্বর) সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। পরদিন রোববার সকাল ৯টায় তা কমে দাঁড়ায় ১১ ডিগ্রিতে। তাপমাত্রার এই পতনে বিশেষ করে রাত ও ভোরে শীতের অনুভূতি বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। রাতভর কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। সকালে সূর্যের দেখা মিললে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে আবারও বাড়ে শীতের প্রকোপ। হিমেল বাতাসে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনমজুর, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষকে।

শীতের প্রভাব পড়েছে জনস্বাস্থ্যেও। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এসব রোগে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা নিয়ে বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের বিভিন্ন কক্ষে জায়গার সংকট দেখা দিয়েছে। অনেক রোগীকে বাধ্য হয়ে মেঝে ও বারান্দায় অবস্থান করতে হচ্ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। হিমালয়বিধৌত অঞ্চলের কাছাকাছি হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় তেঁতুলিয়ায় আগেভাগেই শীতের অনুভূতি বাড়ে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

তাপমাত্রা আরও কমার আশঙ্কায় শীত মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবে পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত রোগ থেকে সুরক্ষায় বাড়তি সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

সর্বশেষ