জাজিরায় বিএনপি-আ. লীগ সমর্থকদের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক :
spot_img

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিতে আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

- Advertisement -

রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইব্রাহিম সিপাহী। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ সংঘর্ষে একজন নিহত ও দুজন গুরুতর আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের বিকেনগর এলাকা থেকে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসেন। এ সময় সেখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তাঁরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। পরে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

এদিকে সংঘর্ষের মধ্যে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিএনপির অবস্থান কর্মসূচির স্থানে ভাঙচুরের পাশাপাশি প্রায় ২০টি মোটরসাইকেল এবং একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে আগুন দেওয়া হয়।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র হাতে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সংঘর্ষ ও অবরোধের কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।

শরীয়তপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার আশঙ্কায় শুক্রবার থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। রোববার ভোরে শিবচর ও বিকেনগর এলাকা থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁদের ওপর হামলা চালান।

সংঘর্ষে নিহত হওয়ার পাশাপাশি গুলিবিদ্ধের অভিযোগ এবং যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ, হতাহতদের পরিচয় এবং সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পুলিশের তদন্তের অপেক্ষা করা হচ্ছে।

সর্বশেষ