নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার প্রবাসী সহোদরের ওমানে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে| নিহতরা সবাই একই পরিবারের চার ভাই| এই হৃদয়বিদারক ঘটনায় রাঙ্গুনিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে|
বুধবার (১৩ মে) ওমানের মুলাদ্দা এলাকায় স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতরা হলেন— মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজার পাড়া এলাকার আবদুল মজিদের সন্তান।
জানা গেছে, একটি গাড়ির এসি বিস্ফোরণ অথবা এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনার পর পুলিশ চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে। তবে এটি বিস্ফোরণজনিত দুর্ঘটনা নাকি বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ— তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, দীর্ঘ সময় গাড়িটি চালু অবস্থায় স্থির থাকায় এসি থেকে কোনো বিষাক্ত গ্যাস গাড়ির ভেতরে ছড়িয়ে পড়তে পারে। সেই গ্যাস নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে ওমান পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাইই ওমানে প্রবাস জীবন কাটাচ্ছিলেন। নিহতদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরাকে কেন্দ্র করে কেনাকাটা শেষে ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
নিহতদের মধ্যে বড় ভাই বিবাহিত ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আরেক ভাই সম্প্রতি বিয়ে করে পুনরায় ওমানে যান। পরিবারের সদস্যরা জানান, আনন্দ নিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তাদের ফিরতে হবে লাশ হয়ে।
ঘটনার খবর বুধবার রাতেই রাঙ্গুনিয়ায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। একইসঙ্গে ওমানপ্রবাসী রাঙ্গুনিয়ার বাসিন্দারাও গভীর শোক প্রকাশ করে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।




