নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে রুটি, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি এবং পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেকারির প্রায় ৩০ কেজি অস্বাস্থ্যকর খাবার জব্দ করে ধ্বংস করা হয়। লাইসেন্স না নেওয়া পর্যন্ত বেকারিটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চন্দনাইশ পৌরসদর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। এ সময় অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, চন্দনাইশ থানা পুলিশের একটি দল এবং ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, নোংরা পরিবেশে রুটি, কেকসহ নানা ধরনের খাবার তৈরি করা হচ্ছিল। পাশাপাশি বেকারির তৈরি পণ্যের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ ছিল না। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় বেকারিটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, বেকারির আনুমানিক ৩০ কেজি অস্বাস্থ্যকর খাবার জব্দ করে বর্জ্য হিসেবে বিনষ্ট করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লাইসেন্স না নেওয়া পর্যন্ত বেকারিটি বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিযানকালে মো. কাইছার নামে আরেক দোকানদারকেও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যান্য অবৈধ বেকারিতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।




