কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আবারও বাড়তে থাকায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল। হ্রদের পানি দ্রুত বাড়ার পাশাপাশি রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়া ও ভাঙনের পরিস্থিতি তৈরি হওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের গেট খুলে দেওয়া হয়েছে।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ‘হ্রদের পানির উচ্চতা বর্তমানে ১০৫ দশমিক ৫১ ফুট। পরিস্থিতি বিবেচনায় স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে গেটগুলো বন্ধ করে দেওয়া হবে।’
কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতার সীমা ১০৯ ফুট এমএসএল। এ কারণে অতিরিক্ত পানি জমে পরিস্থিতির অবনতি ঠেকাতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পানি নিষ্কাশন করা হচ্ছে।
এর আগে গত ২৯ আগস্ট হ্রদের পানির উচ্চতা ১০৬ দশমিক ০১ ফুট এমএসএলে পৌঁছালে স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। ওই সময় প্রাথমিকভাবে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরে হ্রদের পানির উচ্চতা ও পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে গেট খোলার পরিমাণ বাড়ানো হয়।
একপর্যায়ে প্রতিটি জলকপাট ৩ ফুট পর্যন্ত খুলে দেওয়া হলে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরবর্তীতে হ্রদের পানি কমে গেলে স্পিলওয়ের সবগুলো জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছিল।
তবে সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ফের বাড়তে শুরু করে। এতে নতুন করে পানি নিষ্কাশনের প্রয়োজন দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল থেকে ১৬টি জলকপাট পুনরায় খুলে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, বর্তমানে গেটগুলো সীমিত পরিমাণে খোলা হয়েছে। হ্রদের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে আসা পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। পানি কাঙ্ক্ষিত মাত্রায় নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।




