মো. মোক্তার হোসেন বাবু : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকা থেকে মিয়ানমারে পাচারের জন্য নেওয়া ৭৫০ বস্তা সিমেন্টের একটি চালান জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় পাচারে ব্যবহৃত একটি কার্গো বোটসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল বহির্নোঙর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটের গতিবিধি নজরে এলে সেটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে কার্গো বোটটিতে বিপুল পরিমাণ সিমেন্ট পাওয়া যায়। কোস্ট গার্ডের দাবি, এসব সিমেন্ট অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পরে কার্গো বোটটি জব্দ এবং এতে থাকা পাঁচজনকে আটক করা হয়।
জব্দ করা সিমেন্টের পরিমাণ ৩৭ হাজার ৫০০ কেজি। কোস্ট গার্ডের হিসাবে, এর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা সিমেন্ট, পাচারে ব্যবহৃত কার্গো বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




