ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীতে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাসের গন্দ্রপা এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। একপর্যায়ে বাসটি অটোরিকশার ওপর উঠে গেলে সেটিতে থাকা সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তারা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়।
দুর্ঘটনার পর আকুয়া বাইপাস সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ এবং বাসটির চালকের বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।




