গোপালগঞ্জে আ. লীগের বিক্ষোভ ঘিরে সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দলটির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়।

- Advertisement -

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার গোলচত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন গোলচত্বর এলাকায় জড়ো হন। একপর্যায়ে দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ সময় আশপাশের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।

আহতদের মধ্যে চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান প্রান্ত, চান মিয়া মোল্লার ছেলে রাকিবুল মোল্লা, সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা ও কোভিদ মোল্লার ছেলে জাহিদ মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়িত ব্যক্তিরা সরে যান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত ছাড়া এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ