ঢাকা প্রতিনিধি:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো ৯ দশমিক ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের EK0582 ফ্লাইটের দুই বিমানকর্মীকে তল্লাশি করেন সিআইআইডির কর্মকর্তারা। রানওয়েতে তাদের জুতার ভেতর তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণবারগুলো পাওয়া যায়।
সিআইআইডি সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণের মধ্যে ছিল ৮০টি বার। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের ওজন দাঁড়ায় ৯ দশমিক ৩৪ কেজি।
বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণ লুকিয়ে আনার ঘটনায় চোরাচালানের সঙ্গে কারা জড়িত, কোথা থেকে এসব স্বর্ণ আনা হয়েছে এবং এগুলো কোথায় সরবরাহের কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে একই দিনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে আরও সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH-0196 ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউয়ের কাছ থেকে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটিসহ মোট নয়টি স্বর্ণবার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় আট কোটি টাকা।
এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
একই দিনে বিমানকর্মী ও যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালানের নতুন কৌশল নিয়েও তদন্তে নেমেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।




