দেশের মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কোনো সরকারেরই ক্ষমতায় থাকার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, নাগরিকরা যদি নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রাত কাটান, তাহলে সেই সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। জনগণের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থ হলে দেশ পরিচালনার দায়িত্ব এমন নেতৃত্বের হাতে তুলে দিতে হবে, যারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।
রোববার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। একই সঙ্গে সাধারণ মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রেও সংকট রয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকার জনকল্যাণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার পাশাপাশি বিরোধী পক্ষের সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডেও বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির।
বিমানবন্দরে দলীয় সংসদ সদস্যদের হেনস্তার প্রসঙ্গ তুলে তিনি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে দাবি করেন। তার ভাষ্য, মেজর আখতারুজ্জামান কারও ওপর চড়াও হননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।
তিনি বলেন, মেজর আখতারুজ্জামান শুধু জামায়াতে ইসলামীর একজন প্রতিনিধি নন; নির্যাতিত ও ভুক্তভোগী মানুষের পক্ষেও তিনি কথা বলছেন। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখার জন্য দেশবাসী ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।
আইন প্রয়োগে বৈষম্যের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ভিন্ন ভিন্ন আচরণ করা হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা পদক্ষেপ নেওয়া হলেও প্রকৃত পরিস্থিতি আড়াল করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, জনগণের কষ্টার্জিত করের টাকা বিভিন্ন পর্যায়ে অপচয় ও আত্মসাৎ হতে থাকলে মানুষ আর নীরব থাকবে না। স্বাস্থ্যসেবার দুরবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি ডেঙ্গুর বিস্তারকে গুরুতর সংকট হিসেবে উল্লেখ করে বলেন, মানুষের জীবন রক্ষায় শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পক্ষ থেকে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চালানোর কথা জানিয়ে তিনি বলেন, সরকার নিষ্ক্রিয় থাকলে জনগণের স্বার্থে তাদের জবাবদিহির আওতায় আনা হবে। মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে বিকল্প নেতৃত্ব গড়ে উঠবে বলেও সতর্ক করেন তিনি।




