বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ আরও বিস্তৃত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার। এ সময় দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থকে সামনে রেখে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং বিদ্যমান অংশীদারত্বকে আরও কার্যকর ও বহুমুখী করার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ প্রকাশ করেন।
আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা। দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও বাড়াতে নতুন সুযোগ কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন, মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




