বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন না হওয়ার পেছনে সরকারের রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি আখতারুজ্জামানের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং কারাগারে ডিভিশন দেওয়ার দাবি জানিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
গোলাম পরওয়ারের অভিযোগ, বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণেই আখতারুজ্জামানের জামিন হয়নি। তার দাবি, বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের নির্দেশনা ছাড়া এমন গ্রেফতারের ঘটনা ঘটতে পারে না।
বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, সেখানে যাত্রীদের জন্য পর্যাপ্ত ট্রলি না থাকা এবং লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করার মতো সমস্যা রয়েছে। এসব বিষয়ে আখতারুজ্জামান কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার করা হয় বলে দাবি করেন তিনি।
আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা জামিনযোগ্য হওয়া সত্ত্বেও আদালত জামিন না দেওয়ায় প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। তার অভিযোগ, এ সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে।
কারাগারে আখতারুজ্জামানের মর্যাদা ও চিকিৎসাসেবা নিয়েও প্রশ্ন তোলেন গোলাম পরওয়ার। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার পরিচয়ের প্রমাণ আদালতে উপস্থাপন করা হলেও তাকে ডিভিশন দেওয়া হয়নি। ৭৫ বছর বয়সী আখতারুজ্জামান অসুস্থ—এমন দাবি করে তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি।
এ সময় আখতারুজ্জামানকে আদালতে হাতকড়া, হেলমেট ও জ্যাকেট পরিয়ে হাজির করার ঘটনাকেও অমানবিক বলে উল্লেখ করেন গোলাম পরওয়ার। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরও অভিযোগ করেন, আদালত প্রাঙ্গণে বিএনপির আইনজীবীদের একটি অংশ মব সৃষ্টি করে আখতারুজ্জামানের আইনজীবীদের ওপর হামলা করেছে। একইভাবে জামায়াতের নেতাকর্মী ও আখতারুজ্জামানের স্বজনদের ওপরও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
গোলাম পরওয়ারের ভাষ্য, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় আদালতকেন্দ্রিক যেসব ঘটনা নিয়ে সমালোচনা হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে সেসবের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। রাজনৈতিক আচরণের ক্ষেত্রে বর্তমান বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলের আচরণের পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে আখতারুজ্জামানের গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে বলেও জানান গোলাম পরওয়ার। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারাও এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন বলে দাবি করেন তিনি। তাকে মুক্তি দেওয়া না হলে রেমিট্যান্স শাটডাউনের মতো কর্মসূচির হুমকি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
সবশেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং কারাগারে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান গোলাম পরওয়ার।




