বাংলাদেশের মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেল আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img

বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশে ফ্রি ট্রেড জোন এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনে প্রতিষ্ঠানটির বিনিয়োগ প্রত্যাশা করেছেন তিনি।

- Advertisement -

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বৈঠকের বিষয়টি সাংবাদিকদের জানান।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বন্দর ব্যবস্থাপনা, লজিস্টিকস খাতের আধুনিকায়ন এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় উঠে আসে।

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ডের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ অংশীদারিত্বের ফলে চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের আধুনিকায়ন আরও গতিশীল হবে। পাশাপাশি টার্মিনালের পরিচালন দক্ষতা বাড়ার সঙ্গে দেশের সামগ্রিক বন্দর ও লজিস্টিকস অবকাঠামোর সক্ষমতাও বৃদ্ধি পাবে।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডি স্থাপনের পাশাপাশি অন্যান্য খাতে বিনিয়োগের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের পরিকল্পনা ও আগ্রহের কথা জানতে চান। এ সময় ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিরা এসব খাতে সহযোগিতা ও বিনিয়োগে তাদের আগ্রহের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী দেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ডিপি ওয়ার্ল্ডের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণকে স্বাগত জানান। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে প্রতিষ্ঠানটির পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বৈঠকে বন্দর অবকাঠামোর উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্যের পরিধি বাড়ানো এবং দেশের লজিস্টিকস ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ ও কার্যকর করার নানা সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, ডিপি ওয়ার্ল্ডের সম্ভাব্য নতুন বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশের বন্দরনির্ভর বাণিজ্য, পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় নতুন গতি আসতে পারে। বিশেষ করে রেলভিত্তিক আইসিডি ও ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় লজিস্টিকস সক্ষমতা আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হবে।

সর্বশেষ