ইমাম মাহদীর আবির্ভাবের অপেক্ষায় মোজতবা খামেনি, করলেন প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখেও দেশের নিরাপত্তা রক্ষায় ইরানের পুলিশ বাহিনীর সাহস, নিষ্ঠা ও আত্মত্যাগের প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে জনবল, সরঞ্জাম ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি ইমাম মাহদীর আবির্ভাব ত্বরান্বিত হওয়ার জন্য প্রার্থনা করেছেন ইরানের এই নেতা।

- Advertisement -

শুক্রবার (৯ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় মোজতবা খামেনি এসব বক্তব্য তুলে ধরেন।

বার্তায় তিনি বলেন, নিরাপত্তা মহান আল্লাহর দেওয়া গুরুত্বপূর্ণ নেয়ামতগুলোর একটি। দেশের বড় শহর, প্রত্যন্ত অঞ্চল এবং সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাঁদের পেশাদারত্ব, সাহসিকতা ও আত্মনিবেদন ইরানের জাতীয় নিরাপত্তা সুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

ইরানের বিরুদ্ধে পরিচালিত দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধের সময় পুলিশ বাহিনীর ভূমিকার কথাও স্মরণ করেন মোজতবা খামেনি। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি পক্ষ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সম্মুখসারির সদস্যদের লক্ষ্য করে বারবার হামলার চেষ্টা করেছে। এসব প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পুলিশ সদস্যরা তাঁদের দায়িত্ব থেকে সরে যাননি বলে বার্তায় তুলে ধরেন তিনি।

পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা জোরদারের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন ইরানের সর্বোচ্চ নেতা। তাঁর মতে, দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে পুলিশ সদস্যদের এমন আচরণ করতে হবে, যাতে জনগণের আস্থা ও সহযোগিতা আরও বৃদ্ধি পায়।

পুলিশ বাহিনীকে আরও দক্ষ ও কার্যকর করে তুলতে প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নের আহ্বান জানান তিনি। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির পরিকল্পিত ও কার্যকর ব্যবহারের মাধ্যমে পুলিশের কর্মদক্ষতা বাড়ানো সম্ভব বলে মত দেন মোজতবা খামেনি।

বার্তার শেষাংশে পুলিশ বাহিনীর প্রধান কমান্ডারসহ সব সদস্যের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ইমাম মাহদীর দোয়া ও বরকতে ইরানের নিরাপত্তা, শক্তি ও জাতীয় মর্যাদা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন দেশটির সর্বোচ্চ নেতা।

সর্বশেষ