দেড় বছরেই দেশজুড়ে গড়ে উঠবে বর্জ্য ব্যবস্থাপনা: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img

আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সারাদেশে বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বর্জ্যজনিত পরিবেশদূষণ অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

- Advertisement -

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনা সারাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় সরকার কাজ করছে। রাজধানীর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য সাভারের আমিনবাজারে একটি প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে। একই ধরনের ব্যবস্থা দেশের অন্যান্য এলাকাতেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগের সুফল শিগগিরই দৃশ্যমান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

গাজীপুর সাফারি পার্কের বিভিন্ন সমস্যা ও অব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পার্কটি পরিদর্শন করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। পার্কের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে ব্যক্তিমালিকানাধীন জমি এবং যাতায়াতসংক্রান্ত জটিলতার বিষয়েও কথা বলেন আবদুল আউয়াল মিন্টু। তিনি জানান, বনের ভেতরে অনেকের ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে। কিন্তু রাস্তা ও যোগাযোগব্যবস্থার সমস্যার কারণে জমির মালিকেরা সেখানে যাতায়াতে ভোগান্তিতে পড়েন। এ সমস্যা সমাধানে চলতি মাসেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া বিভিন্ন রিসোর্ট ও শিল্পকারখানার অবৈধ দখলে থাকা বনভূমি উদ্ধারে মামলা করা হয়েছে বলে জানান পরিবেশমন্ত্রী। এসব জমি পুনরুদ্ধারের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে মন্ত্রী গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন। এ সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু, প্রধান বন সংরক্ষক আমির হোসেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন, সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ