স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

কুমিল্লার হোমনায় স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ রয়েছে দশম শ্রেণির শিক্ষার্থী মো. সোহাগ (১৬)। নয় দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। নিখোঁজের পর মায়ের কাছে ফোন করে চট্টগ্রামে অবস্থানের কথা জানিয়েছিল সে। বিকাশে টাকা পাঠানোর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।

- Advertisement -

সোহাগ হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের ইটাভাড়া গ্রামের বাসিন্দা মো. সোহেলের ছেলে। সে স্থানীয় ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, গত ৩ অক্টোবর শনিবার সকালে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় সোহাগ। কিন্তু সেদিন আর বাড়িতে ফেরেনি সে। পরদিন রোববার মায়ের মোবাইল ফোনে কল করে সোহাগ জানায়, সে চট্টগ্রামে আছে এবং তার কাছে টাকা শেষ হয়ে গেছে। বিকাশে এক হাজার টাকা পাঠালে বাড়ি ফিরে আসবে বলেও জানায় সে।

ছেলের ফেরার আশায় দ্রুত বিকাশে এক হাজার টাকা পাঠিয়ে দেন মা। কিন্তু টাকা পাঠানোর পর থেকেই সোহাগের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজের পাঁচ দিন পর গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ঘটনায় হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।

ছেলের খোঁজে উদ্বিগ্ন পরিবার

সোহাগের বাবা মো. সোহেল বলেন, ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছেন। নয় দিন ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

বিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, সোহাগ তাদের প্রতিষ্ঠানের দশম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী। ৩ অক্টোবর থেকে সে ক্লাসে আসছে না। তার মা নিখোঁজ হওয়ার বিষয়টি তাকে বিস্তারিত জানিয়েছেন।

অধ্যক্ষ বলেন, সোহাগ ব্যক্তিগতভাবে ভালো ছেলে ছিল। কী কারণে সে নিখোঁজ হয়েছে, তা বুঝতে পারছেন না তারা।

সোহাগের কোনো সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে ০১৩১৩২৩৫৮২৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ