শারদীয় দুর্গাপূজার মহানবমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজামণ্ডপ পরিদর্শনে দেশের তিন বিভাগ সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকালে রংপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। এরপর রাজশাহী হয়ে সন্ধ্যায় চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে তাঁর। তিন বিভাগের তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি রাজশাহীতে একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে তিনি রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন। সেখানে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম সফর করবেন। তিনি বলেন, ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে প্রধানমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
রাজশাহীতে মন্দির পরিদর্শন ও জনসভা
রংপুর সফর শেষে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বেলা দেড়টায় নগরীর ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তিনি। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেলা ৩টায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
রাজশাহীর কর্মসূচি শেষে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সন্ধ্যায় নগরের রহমতগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী জেএম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী। রাতে বিমানে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
এর আগে ঢাকার পূজামণ্ডপ পরিদর্শন
এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান।
আজ মঙ্গলবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। আগামীকাল বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
ঢাকার বাইরে তিন বিভাগে প্রধানমন্ত্রীর এই সফরে পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি রাজশাহীতে জনসভায় অংশ নেওয়ার কর্মসূচিও রয়েছে।

