কাঠের বাটাম নিয়ে থানায় যুবক, হামলায় আহত ৩ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক :
spot_img

জয়পুরহাটের কালাই থানার ভেতরে কাঠের বাটাম নিয়ে প্রবেশ করে তিন পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগে আসলাম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চারটি সেলাই দিতে হয়েছে।

- Advertisement -

বুধবার (২১ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের পর আসলামকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আসলাম হোসেন কালাই উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দুর্গাপূজার দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছিলেন থানার কয়েকজন পুলিশ সদস্য। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানার ভেতরে প্রবেশ করেন আসলাম। পুলিশ সদস্যরা তাঁর পরিচয় ও সেখানে আসার কারণ জানতে চাইলে তিনি কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে আঘাত করেন।

তবে রকি সরে যাওয়ায় আঘাতটি তাঁর বাম চোয়ালে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাঁকে থামানোর চেষ্টা করলে আসলাম কনস্টেবল মাসুদ রানার পিঠে কাঠের বাটাম দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় আরেক পুলিশ সদস্য এগিয়ে এসে আসলামকে আটকানোর চেষ্টা করেন। তখন তাঁর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি গুরুতর আহত হয়। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই যুবক।

ঘটনার পর আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে একজনের আঙুলের আঘাত গুরুতর হওয়ায় চারটি সেলাই দিতে হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে আসলাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ