রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি আবারও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পর্যটন এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরে জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে এলাকা ত্যাগ করে নিরাপদে গন্তব্যে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
অবরোধের ঘোষণায় নতুন অনিশ্চয়তা
এদিকে, তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।
এ ঘোষণার মধ্যে পর্যটনকেন্দ্র বন্ধের সিদ্ধান্ত আসায় সাজেকের পর্যটন কার্যক্রম নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে পর্যটনকেন্দ্র বন্ধের নির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি; শুধু অনিবার্য কারণের কথা বলা হয়েছে।
আগেও বন্ধ হয়েছিল সাজেক
এর আগে গত ১১ অক্টোবর অনিবার্য কারণ দেখিয়ে সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল রাঙামাটি জেলা প্রশাসন। সে সময় পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।
পরে দুর্গাপূজা উপলক্ষে পর্যটকদের ভ্রমণের সুযোগ দিতে ১৫ অক্টোবর নতুন গণবিজ্ঞপ্তি জারি করা হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটনকেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল।
তবে পর্যটকদের জন্য আবার খুলে দেওয়ার কয়েক দিনের মধ্যেই বুধবার সন্ধ্যা থেকে সাজেক ভ্যালি পুনরায় বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পর্যটনকেন্দ্রটিতে ভ্রমণ বন্ধ থাকবে।

