বিদেশে বসে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করছে, আমরা সতর্ক: এ্যানি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ফ্যাসিবাদী শক্তি দেশের বাইরে অবস্থান করে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি সজাগ ও সতর্ক রয়েছে। গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী করাই দলের প্রধান লক্ষ্য।

- Advertisement -

বুধবার (২১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা নানা ধরনের অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন। গুম, মামলা, হামলা ও কারাবরণের মধ্য দিয়ে তাদের কঠিন সময় পার করতে হয়েছে। নির্যাতনের সেই সময়কে তিনি ‘স্টিম রোলার’ চালানোর সঙ্গে তুলনা করেন। দীর্ঘদিন ধরে সমাজের মানুষ অবরুদ্ধ অবস্থায় ছিলেন বলেও মন্তব্য করেন তিনি। বর্তমানে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে বলে দাবি করেন এই বিএনপি নেতা।

তিনি আরও বলেন, দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালানো হলেও তা নিয়ে বিএনপি সতর্ক রয়েছে। গণতন্ত্রকে সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্যসচিব হাসিবুর রহমান অভি এবং লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ