হামের উপসর্গে মৃত্যু ১,১১০, নিশ্চিত হামেও ১০৪ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক :দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা থামছে না। গত ২৪ ঘণ্টায় এ ধরনের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১০ জনে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪।

- Advertisement -

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৭৩ জন।

মৃত্যুর শীর্ষে ঢাকা বিভাগ

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের হাসপাতালে, তিনজন সিলেট বিভাগের হাসপাতালে, একজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে এবং একজন ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চলতি বছরে বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৪৯৮ জন। এরপর সিলেট বিভাগে ১৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, রাজশাহী বিভাগে ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৮৬ জন, বরিশাল বিভাগে ৬৫ জন, খুলনা বিভাগে ৫১ জন এবং রংপুর বিভাগে ১৭ জনের মৃত্যু হয়েছে।

কোন বয়সীরা বেশি ঝুঁকিতে, স্পষ্ট নয়

হাম ও হামের উপসর্গ নিয়ে বিপুলসংখ্যক মৃত্যুর তথ্য পাওয়া গেলেও আক্রান্ত ও মৃত ব্যক্তিদের বয়সভিত্তিক চিত্র স্পষ্ট নয়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগী ও মৃত ব্যক্তিদের বয়সের তথ্য উল্লেখ করা হয় না। ফলে কোন বয়সী মানুষ বা শিশু বেশি আক্রান্ত হচ্ছে এবং কোন বয়সীদের মধ্যে মৃত্যুহার বেশি, তা নির্দিষ্টভাবে নিরূপণ করা যাচ্ছে না।

রোগতত্ত্ববিদদের মতে, হাম যেকোনো বয়সের মানুষের হতে পারে। তবে শিশুদের মধ্যে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তাই সংক্রমণের বিস্তার ও মৃত্যুর প্রকৃত চিত্র বুঝতে বয়সভিত্তিক তথ্য গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু অব্যাহত রয়েছে। পাশাপাশি পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হওয়ায় সংক্রমণের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে চিহ্নিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

সর্বশেষ