বুথফেরত জরিপে ধাক্কা নেতানিয়াহুর, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের প্রতি ভোটারদের অনাস্থার প্রতিফলন দেখা যাচ্ছে প্রাথমিক বুথফেরত জরিপে। জরিপের পূর্বাভাস সঠিক হলে ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর সমর্থন নিয়ে নতুন সরকার গঠন কঠিন হয়ে পড়তে পারে নেতানিয়াহুর জন্য। তবে বিরোধী জোটও এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে প্রাথমিক হিসাবে উঠে এসেছে।

- Advertisement -

মঙ্গলবার (২৭ অক্টোবর) বুথফেরত জরিপের ফল প্রকাশের পর এমন মূল্যায়ন করেছেন ইসরায়েলের বিরোধী রাজনীতিকেরা। তাদের মতে, ফলাফল চূড়ান্ত হলে নেতানিয়াহু সরকারের বিকল্প হিসেবে নতুন রাজনৈতিক জোট গঠনের সুযোগ তৈরি হতে পারে।

ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, নেতানিয়াহুর সরকারকে ভোটাররা প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলে প্রকৃত পরিবর্তনের সরকার গঠনের ঐতিহাসিক সুযোগ এসেছে উল্লেখ করে তিনি বলেন, এ সুযোগ হাতছাড়া করা যাবে না। সরকার গঠনের লক্ষ্যে সব অংশীদারের সঙ্গে কাজ করা, মতপার্থক্য দূর করা এবং দায়িত্ব নিতে তাদের দল প্রস্তুত।

বিরোধী জোটের ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটও বুথফেরত জরিপের ফলকে নেতানিয়াহু সরকারের প্রতি মানুষের ‘সম্পূর্ণ অনাস্থা’ হিসেবে দেখছেন। ইসরায়েলের চ্যানেল ১২-কে তিনি বলেন, ফল চূড়ান্ত হলে তা দেশটির মূলধারার ইহুদিবাদী সংখ্যাগরিষ্ঠের বিজয় হবে।

আইজেনকোট জানান, জনগণের ইচ্ছা বাস্তবায়নে তিনি কাজ করবেন। নেতানিয়াহু সরকারকে সরিয়ে যত দ্রুত সম্ভব জাতীয় সংহতির ভিত্তিতে একটি ইহুদিবাদী সরকার গঠন করাই তার লক্ষ্য।

জোটের আসন কমার পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডভ ওয়াক্সম্যানও প্রাথমিক জরিপের ফল বিশ্লেষণ করেছেন। ইসরায়েলের রাজনীতি ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতবিষয়ক এই বিশেষজ্ঞ আল-জাজিরাকে বলেন, জরিপের পূর্বাভাস সঠিক হলে প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

ইসরায়েলের চ্যানেল ১৩-এর প্রক্ষেপণের বরাত দিয়ে ওয়াক্সম্যান জানান, নেতানিয়াহুর লিকুদ পার্টি একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেতে পারে। তবে তার নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোটের সম্মিলিত আসনসংখ্যা কমে যাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে।

২০২২ সালের নির্বাচনে নেতানিয়াহুর জোট ৬৪টি আসন পেয়েছিল। এবার প্রাথমিক বুথফেরত জরিপে তাদের সম্ভাব্য আসনসংখ্যা ৫০-এ নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনটি হলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংসদীয় সমর্থন জোগাড় করতে নেতানিয়াহুকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

অন্যদিকে, নেতানিয়াহুবিরোধী জোট প্রাথমিক জরিপে ৫৩টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সংখ্যাও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করছে না। ফলে নেতানিয়াহুর জোট দুর্বল হলেও বিরোধীদের সামনে সরকার গঠনের পথ এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

সরকার গঠনে জটিল সমীকরণ

প্রাথমিক ফলাফলে নেতানিয়াহুর জোটের আসন কমার পূর্বাভাস ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। তবে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারলে সরকার গঠনের জন্য দলগুলোর মধ্যে সমঝোতা ও নতুন জোট গঠনের আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বুথফেরত জরিপের ফল চূড়ান্ত নির্বাচনী ফল নয়। ভোট গণনা শেষে আসনসংখ্যার হিসাব বদলে যেতে পারে। তাই নেতানিয়াহু সরকারের ভবিষ্যৎ এবং বিরোধীদের সরকার গঠনের সম্ভাবনা নির্ভর করছে চূড়ান্ত ফল ও পরবর্তী রাজনৈতিক সমঝোতার ওপর।

তথ্যসূত্র: আল-জাজিরা

সর্বশেষ