সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিমানবন্দর, তেল শোধনাগার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ছয়টি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গোষ্ঠীটির পক্ষ থেকে এ দাবি করা হয়। তবে হামলার বিষয়ে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

- Advertisement -

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের পূর্ব ও পশ্চিমাঞ্চল থেকে শুরু করে রাজধানী রিয়াদ এবং দক্ষিণাঞ্চলীয় নাজরান পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

হুথিদের দাবি অনুযায়ী, রাস তানুরা তেল শোধনাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। একই ধরনের হামলা চালানো হয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর আবকাইক এলাকার একটি স্থাপনায়। এ ছাড়া রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ক্ষেপণাস্ত্র এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার দাবি করেছে গোষ্ঠীটি।

বিবৃতিতে আরও বলা হয়, রাবিগ তেল শোধনাগার এবং নাজরান অঞ্চলে সৌদি সামরিক বাহিনীর একটি সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে।

এদিকে হুথিদের এ দাবি এমন এক সময়ে সামনে এলো, যখন সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর উদ্যোগ চলছে। চলতি সপ্তাহের শুরুতে তেহরানে দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে একটি বিরল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আঞ্চলিক বিরোধগুলো আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর কথা জানানো হয়েছিল। বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও অংশ নেন।

তবে কূটনৈতিক পর্যায়ে ইতিবাচক অগ্রগতির মধ্যেও সৌদি আরব এবং ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি অব্যাহত রয়েছে।

হুথিদের সর্বশেষ ছয়টি হামলার দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ