রাজধানীর কলাবাগানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের ঠিক আগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করেছে পুলিশ।
বিচারকের ছেলে মাহমুদুল বাসিত জানান, শুক্রবার জুমার নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তার বাবা। ঠিক ওই সময় ধানমন্ডিতে তাদের বাসার সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারকের বাসার সামনে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।
তিনি আরও জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণের সহযোগিতায় চারজনকে আটক করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

