দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের পতন হয়েছে। এক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম সমন্বয় করে প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকেই এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে ডিজাইন ও মান অনুযায়ী মজুরি যোগ হবে বলে জানিয়েছে বাজুস। তবে ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না। অন্যদিকে, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণালঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে।
এর আগে গত ৩০ অক্টোবর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র এক দিনের ব্যবধানে আবারও বড় অঙ্কে দাম কমায় স্বর্ণের বাজারে নতুন পরিবর্তন এসেছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬২ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
শুধু স্বর্ণ নয়, দেশের বাজারে কমেছে রুপার দামও। প্রতি ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২১৬ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৭৮ দফা সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৪২ দফা কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার। সে সময় ১০ বার দাম বাড়ানো এবং তিনবার কমানো হয়েছিল।

