গাইবান্ধা পৌর শহরে ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, সুদের টাকা পরিশোধের চাপ ও ঋণসংক্রান্ত দুশ্চিন্তা থেকে তিনি আত্মহত্যা করেছেন।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক পূর্ব কোমরনই পাড়ার বাসিন্দা এবং মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ লোকাল ট্রেনটি গাইবান্ধা শহরের ২ নম্বর রেলগেট অতিক্রম করার সময় ট্রেনের সামনে চলে যান আবু বক্কর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাগ্নে রশিদুল ইসলাম বকুল জানান, স্থানীয় এক দাদন ব্যবসায়ীর কাছ থেকে তার মামা সুদের ওপর টাকা ধার নিয়েছিলেন। কয়েক সপ্তাহ ধরে ওই ব্যক্তি ঋণের সুদের টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছিলেন। সুদসহ আসল টাকা পরিশোধের চাপ সহ্য করতে না পেরেই তার মামা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে পরিবারের ধারণা।
গাইবান্ধা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গনি জানান, প্রাথমিকভাবে ঋণসংক্রান্ত চাপের কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার পকেট থেকে কয়েকজনের নাম লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

