ইরানের সঙ্গে সমঝোতার পথে যুক্তরাষ্ট্র, আলোচনার কথা জানালেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রতিনিধিদের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ চলছে উল্লেখ করে তিনি আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন।

- Advertisement -

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো আলোচনা হচ্ছে। তবে কী বিষয়ে আলোচনা চলছে কিংবা দুই দেশের মধ্যে কোনো সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে কি না, সে সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জানান, তার প্রশাসন ইরানের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এমন সময়ে তার এই বক্তব্য সামনে এল, যখন দুই দেশের মধ্যে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

সম্প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে একাধিক বক্তব্য দিয়েছেন ট্রাম্প। গত বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ইরানের বাকি অংশও যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে হতে পারে। এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে তা সম্পর্কে মানুষ খুব শিগগিরই জানতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের এই বক্তব্যকে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের সম্ভাব্য হুঁশিয়ারি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে উত্তেজনার বিভিন্ন পর্যায়েও সামরিক পদক্ষেপের হুমকির পাশাপাশি তেহরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার কথা জানিয়েছিলেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান। নতুন করে সংঘাত এড়ানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই দেশের মধ্যে যোগাযোগের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, আলোচনার অগ্রগতির কথা জানানো এবং একই সঙ্গে সামরিক অভিযানের হুমকি দেওয়ার মাধ্যমে ইরানের ওপর কূটনৈতিক চাপ বজায় রাখতে চাইছে ওয়াশিংটন। তবে এই দ্বিমুখী অবস্থান শেষ পর্যন্ত সমঝোতার পথ তৈরি করবে, নাকি উত্তেজনা আরও বাড়াবে, তা এখনো স্পষ্ট নয়।

এখন পর্যন্ত দুই দেশের আলোচনার আনুষ্ঠানিক কাঠামো, সম্ভাব্য বৈঠকের স্থান, অংশগ্রহণকারীদের পরিচয় কিংবা চুক্তির শর্ত সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

তথ্যসূত্র: আল-জাজিরা।

সর্বশেষ