এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়্যাল হোটেলে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হবে।

- Advertisement -

প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচি অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হোটেলটির সভাকক্ষে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণ, বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া অর্থনীতি, উন্নয়ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি এবং দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও বৈঠকে গুরুত্ব পেতে পারে।

এর আগে ৩১তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) উপলক্ষে আয়োজিত বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য সফরসঙ্গী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ৭টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।

তিনি জানান, ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটির স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে আনতালিয়া বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর এ বৈঠক বাংলাদেশের সঙ্গে তুরস্কের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ