জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আটক ছাত্রলীগের কর্মী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

- Advertisement -

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় পার্কিংয়ে রাখা দুটি বাসের মাঝের ফাঁকা জায়গায় এ বিস্ফোরণ ঘটে। আটক শিক্ষার্থীর নাম রেজওয়ান আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিকভাবে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাশে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটে। তবে ঘটনার পরপরই সেখানে কাউকে দেখা যায়নি।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, সন্ধ্যায় বৃষ্টির সময় দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছেন তিনি। ওই সময় তারা ক্যাম্পাসে ছিলেন না। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হবে।

এক শিক্ষার্থীকে আটকের বিষয়ে প্রক্টর আরও বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল একজনকে আটক করেছে। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ঘটনার পর ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ