ইরানের হামলার শঙ্কা, যুক্তরাজ্যের আরেক ঘাঁটি থেকে মার্কিন সামরিক উড়োজাহাজ সরানো হলো

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাজ্যে অবস্থিত আরও একটি সামরিক ঘাঁটি থেকে নিজেদের যুদ্ধসংশ্লিষ্ট উড়োজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বিমানবাহিনীর আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে জ্বালানি সরবরাহকারী ট্যাংকারসহ বেশ কয়েকটি সামরিক উড়োজাহাজ জার্মানি ও অন্যান্য সামরিক স্থাপনায় স্থানান্তর করা হয়েছে।

- Advertisement -

মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিলডেনহল ঘাঁটিকে ঘিরে সম্ভাব্য হুমকির প্রকৃতি নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। এটি সাধারণ কোনো নিরাপত্তা ঝুঁকি, নাকি নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে হামলার আশঙ্কা—তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) সকালে দুটি জ্বালানি সরবরাহকারী ট্যাংকার জার্মানিতে পাঠানো হয়। পরবর্তী সময়ে দিনের বিভিন্ন পর্যায়ে আরও কয়েকটি ট্যাংকার ও সামরিক উড়োজাহাজ জার্মানি এবং অন্যান্য ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। উড্ডয়ন পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে মার্কিন বিমানবাহিনীর বক্তব্য, বিভিন্ন অপারেশনাল ও প্রশাসনিক কারণে নিয়মিতভাবেই এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সামরিক উড়োজাহাজ স্থানান্তর করা হয়।

এর আগে গত মাসে ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকেও মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল। ওই ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে তদন্ত শুরু হওয়ার পর এমন সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের সময় ঘাঁটিটি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।

এদিকে যুক্তরাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী ব্রিটেনসহ কয়েকটি দেশে অগ্নিসংযোগ ও অন্যান্য হামলার ঘটনায় জড়িত থাকতে পারে। এসব হামলার উল্লেখযোগ্য অংশ ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো হয়েছে বলে তাদের দাবি। এর মাধ্যমে জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

কর্মকর্তাদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও দীর্ঘায়িত হলে যুক্তরাজ্যে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর পরিধি বাড়তে পারে। এমন পরিস্থিতিতে ইউরোপে মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

সর্বশেষ