মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে প্যাকিং ও র্যাপিং মেশিনের ঘোষণা দিয়ে আমদানি করা চালানে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিনের একটি পূর্ণাঙ্গ প্ল্যান্টের সন্ধান পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। ছয়টি প্যাকেজে আনা এসব যন্ত্রপাতি আটক করেছে অধিদপ্তর। তাদের দাবি, আমদানি নথিতে পণ্যের প্রকৃত পরিচয় গোপন করে মিথ্যা ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইআইডি জানায়, প্রাথমিক পরীক্ষায় চালানটিতে সাত ধরনের মেশিন পাওয়া গেছে। এসব যন্ত্রপাতি ব্যবহার করে সিগারেট তৈরি থেকে শুরু করে প্যাকেটজাত করার পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে যন্ত্রপাতিগুলো আমদানি করে। প্রতিষ্ঠানটি ছয়টি প্যাকেজে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ নামে চালানটি আনে।
গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা বিল অব এন্ট্রি নম্বর সি-১৩২১৮৭৮-এ পণ্যগুলোকে প্যাকিং ও র্যাপিং মেশিন হিসেবে দেখানো হয়। এ ক্ষেত্রে এইচএস কোড ৮৪২২৪০০০ ব্যবহার করা হয়েছিল।
সাত ধরনের মেশিন, উৎপাদন থেকে প্যাকেটজাতকরণ
সিআইআইডির পরীক্ষায় চালানটিতে পাওয়া যন্ত্রপাতির মধ্যে রয়েছে এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর্যাপার বা সেলোফেন ওভারর্যাপার।
অধিদপ্তরের ভাষ্য, এগুলোর মধ্যে সিগারেট তৈরির মূল যন্ত্রপাতির পাশাপাশি প্যাকেটজাত ও মোড়ক তৈরির সরঞ্জামও রয়েছে। ফলে চালানটি কেবল প্যাকিং মেশিনের নয়, বরং সিগারেট উৎপাদনের একটি পূর্ণাঙ্গ লাইন।
ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ মূল্য
আমদানি নথিতে যন্ত্রপাতিগুলোর মূল্য দেখানো হয়েছে ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। তবে সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে ওয়েবসাইটভিত্তিক তুলনায় এসব মেশিনের মূল্য প্রায় ৪ লাখ ৪৩ হাজার ডলার উল্লেখ করা হয়েছে। অর্থাৎ প্রাথমিক তুলনায় প্রকৃত মূল্য ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ।
তবে অধিদপ্তর জানিয়েছে, এই মূল্যায়ন এখনো চূড়ান্ত নয়। মেশিনগুলোর মডেল, বয়স, অবস্থা এবং একই ধরনের যন্ত্রপাতির তুলনাযোগ্য আমদানি মূল্য যাচাই করে চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হবে। এরপর প্রযোজ্য শুল্ক ও কর হিসাব করা হবে।
আমদানি নথি অনুযায়ী, চালানটির মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি এবং নিট ওজন ৫ হাজার ২২৬ কেজি। পণ্য খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড। রপ্তানিকারক আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মূল ব্যবসা তামাক উৎপাদন ও তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ বলে জানিয়েছে সিআইআইডি।
নকল সিগারেট উৎপাদনের আশঙ্কা
সিআইআইডির পর্যবেক্ষণ অনুযায়ী, দেশে পরিচালিত প্রায় ২৯টি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে এ ধরনের যন্ত্রপাতি আমদানি করা সমীচীন। এ কারণে চালানটির আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের প্রয়োজন রয়েছে। পাশাপাশি লাইসেন্সধারী সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে অধিদপ্তর।
সিআইআইডির আশঙ্কা, অনুমোদিত চ্যানেলের বাইরে এসব যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করা হলে প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি করে বাজারজাত করার সুযোগ তৈরি হতে পারে। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে। একই সঙ্গে সরকার রাজস্ব থেকেও বঞ্চিত হতে পারে।
অধিদপ্তর জানিয়েছে, প্যাকিং ও র্যাপিং মেশিনের ঘোষণা দিয়ে সিগারেট উৎপাদনের পূর্ণাঙ্গ লাইন আমদানির ঘটনায় বিস্তারিত তদন্ত করা হবে। এতে আমদানি ঘোষণার যথার্থতা, যন্ত্রপাতির সঠিক শ্রেণিবিন্যাস, প্রকৃত আমদানি মূল্য, প্রযোজ্য শুল্ক-কর এবং মেশিনগুলোর চূড়ান্ত ব্যবহার যাচাই করা হবে।
তামাক খাত থেকে যথাযথ রাজস্ব আদায় নিশ্চিত করা এবং নকল সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণ ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিআইআইডি।

