বোমা-সন্ত্রাস করে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা সফল হবে না: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, যারা মনে করছেন বোমা ও সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব, তারা এ দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। পতিত ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেওয়া হবে না।

- Advertisement -

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের অনেককেই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার পেছনে কারা রয়েছে এবং কীভাবে তারা জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তা দেশের মানুষও দেখছে।

এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে বিবিসি বাংলা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির সরকারি কর্মকর্তাদের দেওয়া আভাস অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের দুটি প্রধান শর্ত রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম শর্ত হলো, শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। ২০২৪ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন। তাই তাঁকে ফেরত নেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে একই ধরনের ব্যবস্থা চায় দিল্লি। এ ক্ষেত্রে সামরিক উড়োজাহাজ পাঠিয়ে দিল্লি থেকে তাঁকে নিয়ে যাওয়া কিংবা স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্টে তাঁকে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে হস্তান্তরের ব্যবস্থা হতে পারে। এ ধরনের প্রক্রিয়ায় প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতেও ভারত প্রস্তুত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় শর্ত হিসেবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে।

জাতীয় প্রেসক্লাবের অনুষ্ঠানে আইনমন্ত্রী সাংবাদিকতার দায়িত্ব ও গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন। তিনি বলেন, হয়রানি ও অন্যায়ের শিকার মানুষ যখন প্রতিকার পায় না, তখন গণমাধ্যমের দ্বারস্থ হয়। সাংবাদিকতা মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে। এই আস্থা ধরে রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

আসাদুজ্জামান বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে। সরকারের ভালো কাজের পাশাপাশি ভুলত্রুটি ও নেতিবাচক দিকও তুলে ধরতে হবে। সরকারের কিংবা তাঁর নিজের বিরুদ্ধে সমালোচনা গেলেও তাতে আপত্তি নেই। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় সরকার সহযোগিতা করবে বলেও জানান তিনি।

সরকারের গত প্রায় নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে আইনমন্ত্রী বলেন, এ সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের পথে সরকার হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার প্রচলিত সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা চলছে। মানুষের অধিকার নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপ যেমন সংবাদমাধ্যমে আসা উচিত, তেমনি সরকারের কোনো ভুল থাকলে সেটিও প্রকাশ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগোতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার কাজ করছে। এ পথে সব অপশক্তির বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে।

ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক মত ও আদর্শের পার্থক্য থাকলেও নিজেদের জেলার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। নেতৃত্ব কিংবা কর্তৃত্বের প্রশ্নে সংগঠনের কার্যক্রম বাধাগ্রস্ত করা আত্মঘাতী সিদ্ধান্ত। মতভেদ দূরে রেখে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকায় কর্মরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনেরও পরামর্শ দেন আইনমন্ত্রী। তাঁর মতে, এতে জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হবে এবং স্থানীয় সাংবাদিক ও নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, আন্দোলনের সময় ডিবি কার্যালয়ে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ নির্যাতনের শিকার হওয়ার সময় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম সেখানে জুস পান করছিলেন। এ বিষয়ে তাঁর কাছে প্রমাণ ও রেকর্ড রয়েছে বলেও দাবি করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, গণ-অভ্যুত্থানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করে তিনি এ বিষয়ে একটি ইতিহাস লিপিবদ্ধ করেছেন। তাঁর দাবি, এ বিষয়ে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের কাছেও জানতে চাওয়া উচিত।

তিনি আরও প্রশ্ন তোলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পূর্ণাঙ্গ ইতিহাস এখনো জাতির সামনে তুলে ধরা হচ্ছে না কেন। তাঁর অভিযোগ, সেই ইতিহাস লেখা হলে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে। বক্তব্যে তিনি তাঁদের ‘গণ-অভ্যুত্থানের মীরজাফর’ বলেও আখ্যা দেন।

সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি। বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক খাইরুল আলম বকুল। এ সময় ফোরামের সিনিয়র সহসভাপতি মো. কবির হোসেন, সিনিয়র সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দপ্তর সম্পাদক রুবেল পারভেজসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ