সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করায় শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত। একই সঙ্গে টিআরপি বা আলোচনায় আসার উদ্দেশ্যে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা বিভিন্ন কনটেন্ট তৈরি করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে তাঁদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছেন এই অভিনেতা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন অনন্ত জলিল। পোস্টে পবিত্র কোরআনের বাণী উল্লেখ করে সবার কাছে দোয়া চান তিনি।
পোস্টের শুরুতে সূরা ফাতিহার ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’ আয়াতটি উল্লেখ করেন অনন্ত। এর অর্থ, ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করি।’ এরপর তিনি লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ, ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী।’
নিজের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশকারীদের উদ্দেশে অনন্ত জলিল লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা তাঁর জন্য দোয়া করেছেন, ভালো পোস্ট দিয়েছেন এবং ইতিবাচক ভিডিও প্রকাশ করেছেন, তাঁদের সবার প্রতি তাঁর কৃতজ্ঞতা ও ভালোবাসা রয়েছে।
তবে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করা অন্যদের কথাও উল্লেখ করেন তিনি। টিআরপির জন্য যারা তাঁকে নিয়ে কাজ করেছেন, তাঁদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি তাঁদের উদ্দেশে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন।
পোস্টের শেষাংশে ‘আমিন’ লিখে নিজের বক্তব্য শেষ করেন এই অভিনেতা।
উল্লেখ্য, অনন্ত জলিল পোশাকশিল্প প্রতিষ্ঠান এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান। সম্প্রতি ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক পর্যাপ্ত অর্থের অভাবে প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় তাঁকে ও তাঁর স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ব্যাংকটির পক্ষ থেকে এ নোটিশ পাঠানোর তথ্য জানা গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে অনন্ত জলিলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এর মধ্যেই সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁকে নিয়ে কনটেন্ট তৈরি করা ব্যক্তিদের জন্য হেদায়েত কামনা করে নতুন এই পোস্ট দিলেন তিনি।

