মার্কিন সামরিক ঘাঁটি আর নিরাপত্তার নিশ্চয়তা নয়: আইআরজিসির উপপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো এতদিন নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত হলেও সেই ধারণা এখন আর কার্যকর নয় বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি।

- Advertisement -

ইরানি সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি নিরাপত্তা নিশ্চিত করতে পারে—এমন বিশ্বাসের অবসান ঘটেছে। মার্কিন সামরিক উপস্থিতি যে নিরাপত্তার নিশ্চয়তা নয়, বর্তমান পরিস্থিতি তার প্রমাণ দিয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ইরানি এই সামরিক কর্মকর্তার বক্তব্যের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মোস্তফা ইজাদি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ও সাম্রাজ্যবাদী শক্তির প্রকৃত চিত্র সামনে এসেছে। ওয়াশিংটনের শক্তিকে ‘কাগুজে বাঘ’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, যুদ্ধের পরিস্থিতি যুক্তরাষ্ট্রের শক্তির সীমাবদ্ধতা প্রকাশ করেছে।

আইআরজিসির উপপ্রধান আরও জানান, যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ভৌগোলিক সীমারেখা কিংবা হুমকির মাত্রা বিবেচনায় না নিয়েই প্রয়োজন অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা তাদের রয়েছে বলে দাবি করেন তিনি।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের এমন বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির নিরাপত্তা সক্ষমতা নিয়ে ইরানের এই মন্তব্য আঞ্চলিক উত্তেজনার নতুন বার্তা দিচ্ছে।

উল্লেখ্য, গত আগস্টে আইআরজিসির উপপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মোস্তফা ইজাদি। এর আগে তিনি বাহিনীটির স্থলবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র: আল জাজিরা।

সর্বশেষ