ইউরোপের মার্কিন ঘাঁটিও ইরানের হামলার লক্ষ্য হতে পারে: রেজায়ি

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি ব্যবহার করা হলে, সেই স্থাপনায় পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপসহ বিশ্বের যেকোনো অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিও ইরানের লক্ষ্যবস্তু হতে পারে।

- Advertisement -

লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি এ হুঁশিয়ারি দেন। তেহরানে নেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি থেকে বিমান উড়ে ইরানে হামলা চালালে, ঘাঁটিটি ইউরোপে কিংবা অন্য কোনো দূরবর্তী অঞ্চলে হলেও সেখানে পাল্টা আঘাত হানবে তেহরান।

যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালালে জবাবের পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। রেজায়ির ভাষ্য, আগে যেসব দূরবর্তী মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি, সেগুলোও এবার লক্ষ্যবস্তুর তালিকায় আসতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের ধারণা অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে থাকা কিছু দ্বীপেও হামলা চালানোর সক্ষমতা রয়েছে বলে দাবি করেন তিনি। তবে সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর নাম উল্লেখ করেননি এই কর্মকর্তা।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এর জবাবে উপসাগরীয় অঞ্চলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। সংঘাতে লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও জড়িয়ে পড়ে।

এদিকে যুদ্ধ বন্ধে কাতার ও পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা চলছে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ওয়াশিংটনকে কয়েকটি শর্ত মানতে হবে বলে জানিয়েছে তেহরান। এসব শর্তের মধ্যে রয়েছে ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার। সংঘাত শুরুর পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে ইরান।

তবে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার তিনি দাবি করেন, ইরানের অর্থনীতিকে দুর্বল করার প্রচেষ্টা সফল হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ইরানকে ঘিরে ওয়াশিংটনের সামরিক হুমকিও কিছুটা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষ রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: ফ্রান্স ২৪

সর্বশেষ