নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তের নিরাপত্তা জোরদারে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দিন-রাত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বাড়ানো হয়েছে। রাতের অন্ধকারে সন্দেহজনক চলাচল শনাক্ত করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের পাশাপাশি থার্মাল ড্রোন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।
তিনি বলেন, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এসব এলাকায় দিন ও রাতভর টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষের প্রবেশ ও বেরিয়ে যাওয়া ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবি অধিনায়ক জানান, দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক ব্যক্তির চলাচল শনাক্ত করা সীমান্ত নিরাপত্তার অন্যতম চ্যালেঞ্জ। এ কারণে নজরদারি ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপন করা হলে রাতের বেলায় সীমান্ত এলাকায় পর্যবেক্ষণ আরও কার্যকর হবে। পাশাপাশি থার্মাল ড্রোনের মাধ্যমে অন্ধকার ও দুর্গম স্থানে মানুষের গতিবিধি শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
প্রেসব্রিফিংয়ে তিনি আরও বলেন, কোনো পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিজিবির সদস্যরা সতর্ক রয়েছেন।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সহযোগিতাও চেয়েছেন তিনি। সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা, অবৈধ পারাপারের চেষ্টা কিংবা অস্বাভাবিক কোনো কর্মকাণ্ড নজরে এলে দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানান ব্যাটালিয়ন অধিনায়ক।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও তথ্য সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

