পাকিস্তানের কাছে হার, ক্ষোভে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন

স্পোর্টস ডেস্ক :
spot_img

স্পোর্টস ডেস্ক :  সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে এমন পরাজয় মেনে নিতে পারেননি দর্শকদের একাংশ। ম্যাচ শেষে হতাশা ও ক্ষোভ থেকে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন ধরিয়ে দেন কয়েকজন দর্শক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

- Advertisement -

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিকরা। গোলের জন্য একের পর এক চেষ্টা চালান রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদরা। তবে পাকিস্তানের শক্ত রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বাংলাদেশ।

ম্যাচের বিভিন্ন সময়ে বাংলাদেশের আক্রমণে পাকিস্তানের রক্ষণভাগ ব্যস্ত থাকলেও পাল্টা আক্রমণে স্বাগতিকদেরও চাপে রাখে সফরকারীরা। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর একটি ভুলই কাল হয়ে দাঁড়ায়।

ম্যাচের ৮৫তম মিনিটে শ্রাবণের ভুল পাস থেকে বল পেয়ে বাংলাদেশের জালে পাঠান পাকিস্তানের আব্দুল সামাদ শেহজাদ। তাঁর ওই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় পাকিস্তানের। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় দলটি।

গোল হজমের পর থেকেই গ্যালারিতে উত্তেজনা বাড়তে থাকে। ম্যাচের শেষ দিকে দর্শকদের একাংশ মাঠের দিকে ফ্লেয়ার ছুড়ে মারেন। এতে মাঠে ধোঁয়া ছড়িয়ে পড়লে কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখতে হয়। দুই দলের খেলোয়াড়দের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচ শেষ হওয়ার পর ক্ষুব্ধ কয়েকজন দর্শক গ্যালারিতে আগুন ধরিয়ে দেন। পরে স্টেডিয়ামে দায়িত্ব পালনরত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে পরাজয়ের পর বাংলাদেশের ফুটবলারদের মধ্যে হতাশা দেখা যায়। কয়েকজন খেলোয়াড়কে কাঁদতেও দেখা গেছে। পরিসংখ্যানেও বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রায় ৬৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখেন স্বাগতিক ফুটবলাররা। গোলের লক্ষ্যে একাধিক শট নিয়েও জালের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত পরাজয় মেনে নিতে হয় তাদের।

২০০৫ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর ঘরের মাঠে ফাইনালে ওঠার স্বপ্ন দেখলেও সেমিফাইনালেই থামতে হলো হামজা চৌধুরীদের। বিপরীতে আসরের শুরুতে ভারতের কাছে ৩-২ গোলে হেরে যাওয়া পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠেছে।

আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচের একমাত্র গোলদাতা আব্দুল সামাদ শেহজাদ হয়েছেন সেরা খেলোয়াড়। পুরস্কার পাওয়ার পর গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি এখন খুবই খুশি। ভাষা হারিয়ে ফেলেছি, কী বলব বুঝতে পারছি না। আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। আমাদের কোচ বলেছিলেন, খেলাটা উপভোগ করতে এবং নিজেদের দিকে মনোযোগ রাখতে।’

সর্বশেষ