বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবারের হামলার পর শনিবার (১৪ নভেম্বর) একই স্থাপনায় দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা যায়, বাহরাইনের রিফা বিমান ও হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারকে লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠায় আইআরজিসির বিমানবাহিনী। তবে এ হামলায় রাডার স্থাপনাটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে তাদের কঠোর পাল্টা জবাবের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। বাহিনীটির দাবি, রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন আকাশ প্রতিরক্ষা রাডারকে ছয়টি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এর আগে শুক্রবারও বাহরাইনে মার্কিন আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ধ্বংসের দাবি করেছিল ইরান। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এ দাবি প্রত্যাখ্যান করে জানায়, দুটি ইরানি ড্রোন আকাশেই ভূপাতিত করা হয়েছে। ওই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেও দাবি করে মার্কিন বাহিনী।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আকাশপথে উসকানি এবং তেল চোরাচালানের অভিযোগের জবাবে শুক্রবারের হামলাকে সতর্কবার্তা হিসেবে বিবেচনা করছে আইআরজিসি।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের পর উপসাগরীয় অঞ্চলের কোনো দেশে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি এবারই প্রথম জানিয়েছে তেহরান।
এদিকে সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি একাধিক সতর্কতা জারি করেছে। একই সঙ্গে দেশটির নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে ফার্স নিউজে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক পাহারার উদ্যোগও ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে তারা। পাশাপাশি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালানো হলে তার জবাব আরও কঠোর ও বিধ্বংসী হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।
সূত্র: আলজাজিরা, রুদাও,

