গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এনেছে সরকার। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের পাশাপাশি হবিগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলাতেও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে।
এর আগে গোপালগঞ্জের পুলিশ প্রশাসনেও রদবদল করা হয়। জেলার বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার স্থলে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে রোববার গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ পদে এই পরিবর্তনের মধ্য দিয়ে গোপালগঞ্জসহ তিন জেলায় প্রশাসনিক দায়িত্বে নতুন কর্মকর্তারা আসছেন।

