মালয়েশিয়া যেতে কর্মীদের ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য সর্বোচ্চ খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে দেশটিতে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নির্ধারিত ব্যয়ের অতিরিক্ত অর্থ আদায় কিংবা কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

- Advertisement -

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মন্ত্রী। কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে এক সংসদ সদস্য বলেন, দেশের অসংখ্য তরুণ পরিবারের আর্থিক সচ্ছলতা ও উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমান। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু বিদেশে কর্মরত এসব মানুষের নানা ধরনের হয়রানি ও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

তিনি বলেন, বিমানবন্দরে লাগেজ কাটা, দালালদের প্রতারণা, প্রবাসীদের আটকে রেখে নির্যাতন এবং তাদের পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের মতো ঘটনা ঘটছে। বিদেশে কেউ অসুস্থ কিংবা বিপদে পড়লে দূতাবাসের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার ক্ষেত্রেও নানা অভিযোগ রয়েছে।

জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, প্রবাসীদের সহায়তায় প্রতিটি মিশনে বিশেষ ডেস্ক চালু করা হয়েছে। কোনো প্রবাসী সমস্যার কথা জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইমেইলের মাধ্যমেও অভিযোগ বা তথ্য পেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সহযোগিতা করা হচ্ছে এবং প্রয়োজনে তার পরিবারের সদস্যদেরও পরিস্থিতি সম্পর্কে জানানো হচ্ছে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধের সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসীদের চিকিৎসা ও ব্যয়ের বিষয়ে তাদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথাও জানান মন্ত্রী।

পরে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ। তিনি বলেন, কর্মী পাঠানোর সরকারি খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণের কথা থাকলেও বাস্তবে বিভিন্ন পর্যায়ে ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে। এ ছাড়া মেডিকেল পরীক্ষা ও সিন্ডিকেটের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

নির্ধারিত খরচে কর্মী পাঠানো নিশ্চিত করতে বিষয়টি তদারকির জন্য সংসদীয় কমিটি গঠনের প্রস্তাবও দেন তিনি।

জবাবে মন্ত্রী বলেন, আগামীকালই মেডিকেল পরীক্ষার জন্য নির্ধারিত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হবে। চলতি নভেম্বর মাসের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে। এ জন্য জনপ্রতি ১ লাখ ৫৪ হাজার টাকা খরচ নির্ধারণ করা হয়েছে। এর বাইরে অতিরিক্ত অর্থ আদায় বা অন্য কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ডেপুটি স্পিকার জানান, বিষয়টি নিয়ে সংসদ সদস্যদের মধ্যে উদ্বেগ থাকায় এ প্রশ্নের বিষয়ে দুটি সম্পূরক প্রশ্ন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ