ইরানের ভান্ডারে এখনো ২ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র থাকতে পারে, ধারণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ইরানের অস্ত্রভান্ডারে এখনো ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র মজুত থাকতে পারে। তবে তেহরানের প্রকৃত অস্ত্রভান্ডারের পরিমাণ নির্ধারণ করা কঠিন হওয়ায় এ হিসাব নিয়ে মার্কিন গোয়েন্দাদের আত্মবিশ্বাস তুলনামূলক কম। তা সত্ত্বেও ইরানের হাতে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে মনে করছেন দেশটির কর্মকর্তারা।

- Advertisement -

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে এই গোয়েন্দা মূল্যায়ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সামরিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো হবে কি না, সেই বিবেচনায় ইরানের অস্ত্র সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মার্কিন কর্মকর্তাদের মূল্যায়নের সঙ্গে অনেকটা মিল রয়েছে ইসরায়েলি কর্মকর্তাদের ধারণারও। তাদের মতে, ইরানের হাতে এখনো দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত ও উৎপাদন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও দেশটি আবারও সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে।

এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন, ইরান নতুন করে অস্ত্র উৎপাদন করছে এবং নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে গত সপ্তাহে ইরান নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচন করেছে। এর আগে ব্লুমবার্গকে দেওয়া এক বক্তব্যে পশ্চিমা এক কর্মকর্তা জানিয়েছিলেন, মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের প্রচলিত সামরিক সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত হলেও দেশটির হাতে অন্তত ১ হাজার ৭০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে। একই সঙ্গে প্রতি মাসে আরও ৫০টি ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা রয়েছে বলেও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানান তিনি।

অন্যদিকে ইরানকে ঘিরে নতুন সামরিক সংঘাতের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানেও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। সাম্প্রতিক সময়ে জ্যেষ্ঠ উপদেষ্টাদের ট্রাম্প জানিয়েছেন, ইরান কিংবা ইয়েমেনের ইরানপন্থি হুতিরা নতুন করে কোনো উসকানিমূলক পদক্ষেপ না নিলে তেহরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন তিনি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পক্ষে অবস্থান করছেন বলে জানা গেছে। ২৭ অক্টোবরের নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও এ বিষয়ে তার অবস্থানের পরিবর্তনের কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ব্লুমবার্গ।

সর্বশেষ