সীমান্তে পলাতক আ.লীগ সদস্যদের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সীমান্ত এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সদস্য, ফেরারি আসামি ও অপরাধীদের অবস্থান সম্পর্কে তথ্য দিলে তথ্যদাতাকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখার আশ্বাস দিয়েছে বাহিনীটি।

- Advertisement -

রোববার (১৫ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

তিনি জানান, সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক ও ফেরারি আসামিদের অবৈধ যাতায়াত ঠেকাতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এসব ব্যক্তির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা প্রতিরোধে সীমান্তজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে।

এ ধরনের কোনো তথ্য থাকলে ০১৭৬৯৬০৪১১৫ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছেন বিজিবি অধিনায়ক। তিনি বলেন, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তথ্যের ভিত্তিতে বিশেষ পুরস্কার দেওয়া হবে।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আরও বলেন, কোনো পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করা হবে।

তিনি জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। রাতের বেলায় নজরদারি বাড়াতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।

সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও জানান তিনি। বলেন, নাইট ভিশন প্রযুক্তি, থার্মাল ড্রোন ক্যামেরা ও সিসিটিভির মাধ্যমে বিভিন্ন পয়েন্ট পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে।

সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদান অব্যাহত রয়েছে। এ ছাড়া স্থানীয় জনগণকে সচেতন করতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।

মতবিনিময় সভায় যশোর বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ