জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া নিয়ে সংসদে ক্ষোভ, পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া কারাগার থেকে আদালতে নেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছেন। জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ভবিষ্যতে আদালতে নেওয়ার ক্ষেত্রে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।

- Advertisement -

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করে লুনা বলেন, গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসানকে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেরার জন্য নেওয়ার সময় তার আচরণ ও সঙ্গে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

সংসদে লুনা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে জিয়াউল আহসানের অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। আর তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের দেখে মনে হয়েছে, তারা যেন তার প্রটোকলের দায়িত্ব পালন করছেন। একজন গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে নেওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি অভিযোগ করেন, জিয়াউল আহসান হাতকড়া পরতে অস্বীকৃতি জানালেও তাকে হাতকড়া পরানো হয়নি। এমন ঘটনায় গুম ও খুনের শিকার পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। সরকার তার প্রতি বিশেষ কোনো মানবিকতা দেখাচ্ছে, নাকি তাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে—এমন প্রশ্নও তোলেন তিনি। এ বিষয়ে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান লুনা।

জবাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বিষয়টি প্রচলিত অর্থে পয়েন্ট অব অর্ডারের পর্যায়ে না পড়লেও সংসদ সদস্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আইনমন্ত্রী চাইলে এ বিষয়ে বক্তব্য দিতে পারেন।

এরপর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাটি তারও নজরে এসেছে। কারাগার থেকে আদালতে আসামি আনা-নেওয়ার বিষয়টি সরাসরি আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত নয়। তবে বিষয়টি জানার পর পরবর্তী সময়ে তাকে আদালতে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, একজন ‘নটোরিয়াস ক্রিমিনালকে’ যেভাবে আদালতে নেওয়া প্রয়োজন, পরবর্তী সময়ে সেভাবেই নেওয়া হয়েছে। ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে সংসদকে আশ্বস্ত করেন তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, জিয়াউল আহসানসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব আসামির বিচার চলছে, তাদের বিরুদ্ধে থাকা সব সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র আদালতে উপস্থাপন করা হচ্ছে। সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। বরং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ এমন হতে হবে, যাতে দেশের পাশাপাশি বিশ্বের যেকোনো আদালত বা ট্রাইব্যুনালেও তা বিচারের মানদণ্ড পূরণ করে। সরকার এসব অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সাজা প্রত্যাশা করে এবং সে লক্ষ্যেই আদালতে প্রয়োজনীয় নথি ও সাক্ষ্য-প্রমাণ তুলে ধরছে।

লুনার উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে আইনমন্ত্রী বলেন, গত ১৬-১৭ বছরে দেশে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা ও রাজনৈতিক নিপীড়নের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করতে সরকার কাজ করবে। একইভাবে জুলাই গণঅভ্যুত্থানে নিহত, আহত, পঙ্গু এবং চোখ, হাত, কানসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারানো ব্যক্তিদের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

আইনমন্ত্রী জানান, বিগত ১৬ বছর এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা ও চিফ প্রসিকিউটরের নেতৃত্বে পৃথক তদন্ত দল বিভিন্ন জেলায় যাবে।

এ সময় তদন্তে সহযোগিতার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। তার ভাষ্য, এসব অপরাধে কোনো পুলিশ কর্মকর্তা, বিডিআর সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কিংবা রাজনৈতিক কর্মীর ইন্ধন, সহযোগিতা বা প্রশ্রয় ছিল কি না, তা তদন্তে খতিয়ে দেখা হবে।

আইনমন্ত্রী বলেন, গুম, খুন, গায়েবি মামলা ও রাজনৈতিক নিপীড়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত দলকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে আইনমন্ত্রী আবারও বলেন, অতীতের গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার পাশাপাশি আদালতে আসামি আনা-নেওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা হবে। জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি আর হবে না।

সর্বশেষ