নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারের পর আবারও আলোচনায় এসেছে ২০২১ সালে দেওয়া তার একটি বক্তব্য। তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘বারবার শুধু আমার ওপরই? কেন? কেন?’ ব্যাংক হিসাব অবরুদ্ধের ঘটনায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তাপসের বিরুদ্ধে নানা অভিযোগও তুলেছিলেন তিনি। রাজনৈতিক বিরোধ, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য এবং দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ-সব মিলিয়ে বিভিন্ন সময়ে আলোচনায় ছিলেন সাবেক এই মেয়র।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বারিধারা এলাকা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য।
মেয়র পদে মনোনয়ন না পাওয়া থেকে বিরোধের শুরু
২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। তবে ২০২০ সালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে লড়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। দলীয় মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হন শেখ ফজলে নূর তাপস।
এরপর থেকেই দুই নেতার মধ্যে দূরত্ব তৈরি হয়। একপর্যায়ে তা প্রকাশ্য বিরোধে রূপ নেয়। বিভিন্ন সময়ে দুজনের বক্তব্য ও পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা তৈরি হয়।
‘বারবার শুধু আমার ওপরই? কেন?’
২০২১ সালে সাঈদ খোকনের প্রতিষ্ঠানসহ তার স্ত্রী, মা ও বোনের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন আদালত। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসকে উদ্দেশ করে নানা অভিযোগ তোলেন।
উত্তেজিত কণ্ঠে সাঈদ খোকন বলেন, ‘আপনার ব্যর্থতার দায় ঢাকার জন্য আর মানুষ পান নাই? বারবার শুধু আমার ওপরই? কেন? কেন? রক্ত দিয়েছে আমার বাবা। জীবন দিয়েছি আমরা। এই সংগঠনের জন্য। এই শহরের মানুষের জন্য। এই দেশের মানুষের জন্য। অপমান হওয়ার জন্য? আইনি মোকাবিলা করব। সাথে সাথে ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজন হলে আরেকবার সংগ্রাম হবে।’
ওই সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন স্থানে চাঁদা আদায়ের অভিযোগও করেন তিনি। তার ভাষ্য ছিল, নগরীর বিভিন্ন মোড়ে ব্যাগ নিয়ে চাঁদা সংগ্রহ করা হচ্ছে এবং এর বিপরীতে স্লিপ দেওয়া হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, মেয়র থাকাকালে তিনি শহর থেকে ব্যানার-ফেস্টুন সরিয়ে পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছিলেন। অথচ পরবর্তী সময়ে সিটি করপোরেশনের নামেই বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন লাগানো হচ্ছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও তাপসের সঙ্গে বাদানুবাদ
ডেঙ্গু নিয়ন্ত্রণের সাফল্য নিয়েও একসময় দুই সাবেক মেয়রের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেখা যায়।
২০১৯ সালে দেশে প্রথমবারের মতো এক লাখের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটির মেয়র ছিলেন সাঈদ খোকন। অন্যদিকে, ২০২৩ সালে দেশে তিন লাখের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার সময় দায়িত্বে ছিলেন শেখ ফজলে নূর তাপস।
২০২৪ সালের মে মাসে তাপস দাবি করেন, ২০১৯ সালের তুলনায় ২০২৩ সালে ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কম ছিল। এর জবাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাঈদ খোকন বলেন, ২০২৩ সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ২০১৯ সালের তুলনায় ৪১ হাজার কম-এমন বক্তব্যে তিনি কষ্ট পেয়েছেন।
কারও নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, ‘আমরা একে অপরকে দোষারোপ না করি।’
আত্মগোপনে থাকার সময় একের পর এক মামলা
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন সাঈদ খোকন। এ সময় তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন ও আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় একাধিক মামলা ও অনুসন্ধান শুরু হয়।
২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ছাড়া মেয়র ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তার বিরুদ্ধে অনুসন্ধান ও মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায়ও তাকে আসামি করা হয়েছে।
দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি তার ও পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।
একই বছরের ২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ডে বিনিয়োগ করা ৯০ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ দেন। পাশাপাশি গুলশানের ১৪ তলা ভবন, বনানীর দুটি বাড়ি এবং বারিধারার জমি ও বাড়ি জব্দের আদেশ দেওয়া হয়।
২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ
সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে শুধু সাঈদ খোকনের বিরুদ্ধে এককভাবে ৯৪ কোটি ২০ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে।
সব মিলিয়ে মেয়র পদে মনোনয়ন না পাওয়া, তাপসের সঙ্গে প্রকাশ্য বিরোধ, ব্যাংক হিসাব অবরুদ্ধের ঘটনা, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিতর্ক এবং দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ-বিভিন্ন কারণে বারবার আলোচনায় এসেছেন সাঈদ খোকন। এবার তার গ্রেপ্তারের পর পাঁচ বছর আগের সেই সংবাদ সম্মেলনের ‘বারবার শুধু আমার ওপরই? কেন? কেন?’ বক্তব্যটি নতুন করে আলোচনায় এসেছে।

